কালিয়াকৈরে গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার কয়েকজন শ্রমিককে মারধরের জের ধরে গতকাল মঙ্গলবার কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শ্রমিকেরা।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, রতনপুর এলাকার করনী নীট কম্পোজিট লিমিটেড নামের কারখানার সুইং অপারেটর রাজা মিয়াসহ চার-পাঁচজন শ্রমিককে গতকাল সকালে কে বা কারা মারধর করে আটকে রাখে। এ খবর ছড়িয়ে পড়ার পর প্রায় পাঁচ হাজার শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ডাইয়িং শাখার অফিসকক্ষসহ পুরো ভবনের জানালা-দরজার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুরের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার জড়িতদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে দুপুর দুইটার দিকে কাজে যোগ দেন।