মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ঘাটে কালীগঙ্গা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর পানি কমে গিয়ে পন্টুনে ফেরি ভিড়তে না পারায় গতকাল রোববার সকাল ১০টার দিকে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে ঈদ শেষে কর্মস্থলগামী হাজারো মানুষ। তাঁদের ও যানবাহন মালিক-শ্রমিকদের অভিযোগ, জেলা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের অবহেলার কারণে সবাইকে এই ভোগান্তিতে পড়তে হয়েছে। যথাসময়ে ড্রেজিং ও পন্টুন ওঠানামার ব্যবস্থা করলে ঈদ শেষে ব্যস্ততম এই সময়ে ফেরি চলাচল বন্ধ হতো না।
রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জের দক্ষিণাঞ্চল এবং হরিরামপুর উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সহজ ও নিকটতম পথ হচ্ছে গাবতলী-সিঙ্গাইর-হরিরামপুর সড়ক। এ সড়কের জেলা সদরের ভাড়ারিয়া ইউনিয়নে বালিরটেক ফেরিঘাট অবস্থিত। দীর্ঘদিন ধরে একটি মাত্র ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
মানিকগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান বলেন, রেকার দিয়ে পন্টুন নিচু ও ড্রেজিং করে ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় থেকে একটি খননযন্ত্র আনা হচ্ছে। রাতের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেলে কাল (সোমবার) থেকে যানবাহন পারাপার শুরু হবে।