চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন কাল রোববার সকালে দায়িত্ব নেবেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে জানান, নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চট্টগ্রামের সাবেক চার মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মনজুর আলমকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন মেয়র।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি শপথ নেন গত ৬ মে। কিন্তু আইনি বাধ্যবাধকতায় নতুন মেয়রকে দায়িত্ব নেওয়ার জন্য এত দিন অপেক্ষা করতে হয়েছে।
২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জয়ী মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ২৬ জুলাই। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৬ ধারা অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকে পাঁচ বছর পর্যন্ত।