কিশোরগঞ্জে গতকাল সোমবার সমমনা বিভিন্ন ইসলামি দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৩০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০টি রাবার বুলেট ও ২০টি টিয়ার শেল নিক্ষেপ করে।ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার অভিযোগ এনে ও তার প্রতিবাদে জেলা শহরের শহীদী মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র ও অন্যান্য সমমনা ইসলামি সংগঠন গতকাল আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দেয়। ওই দিন দুপুর থেকে বিপুলসংখ্যক পুলিশ ওই মসজিদের সামনে অবস্থান নেয়। আসরের নামাজের পর ইসলামি দলের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এ সময় মসজিদটি ঘিরে ফেলে মিছিলে বাধা দেয়। পরে তাঁরা মসজিদ চত্বরে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ, যুবলীগসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা এসে পুলিশের সঙ্গে যোগ দেন। দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ৩০ জন পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। ঘটনাস্থলে দায়িত্বরত জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০টি রাবার বুলেট ছোড়ে ও ২০টি টিয়ার শেল নিক্ষেপ করে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।