কিস্তিতে কিনুন এসি

অসহনীয় গরমে এসির বাতাসে শীতল হতে কে না চায়? কিন্তু পকেট শীতল থাকার কারণে অনেকের পক্ষে এই আরামদায়ক যন্ত্রটি এককালীন টাকায় কেনা সম্ভব হয় না। যেহেতু প্রয়োজন, তাই সমাধানের পথ বের হয়েই যায়। এখন কিস্তিতে খুব সহজেই আপনার ঘরে নিয়ে আসতে পারেন এসি বা এয়ার কন্ডিশনার।

পরিবেশক ও ডিলাররা কিস্তিতে এই যন্ত্র কেনার সুযোগ দিচ্ছে। সঙ্গে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসে মাসে কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা তো আছেই। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এসি কিনতে দিচ্ছে ঋণ। ফলে এসি এখন নিত্যসঙ্গী হয়ে উঠছে মধ্যবিত্তদেরও।

কিস্তিতে খুব সহজে এখন এসি কেনা যায়, এমনটাই বললেন ‘সিঙ্গার বাংলাদেশে’র ডেপুটি ম্যানেজার মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘বাকিতে এসি কিনতে অনেক সময় অতিরিক্ত সুদ গুনতে হয়। বেশির ভাগ ব্যাংকের কার্ডেও রয়েছে সুদ। তবে এখন বেশির ভাগই সুদ নিচ্ছে না। কিস্তিতে কিনলে বাড়তি টাকাও গুনতে হচ্ছে না। এ সুবিধার ফলে পুরো অর্থ একসঙ্গে পরিশোধ করতে হয় না। পাশাপাশি এখন আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংক এসি কিনতে ঋণসুবিধা চালু করেছে।’

সম্প্রতি কিস্তিতে এসি কিনেছেন সরকারি কর্মজীবী মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘দুই মাস আগে আমার সন্তান হয়। নবজাতক এই গরমে খুব ঘামছিল। রাজধানীর জীবনযাপনে এসির বিকল্প কিছু দেখছিলাম না। তাই কার্ড দিয়ে বাকিতে এসি কিনেছি। টাকা শোধ দিতে হবে ১২ মাসে। তবে কোনো সুদ দিতে হবে না। দীর্ঘমেয়াদি শোধ-সুবিধা দেওয়ায় চাপ কিছুটা কমেছে। আরও কিছু টাকা সঞ্চয় করে কিস্তিগুলো শোধ করতে পারব।’

ব্যবসা বাড়াতে এসির উৎপাদক, বাজারজাতকারী প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এসি কিনতে গ্রাহকদের ঋণ দিচ্ছে। ফলে ভোক্তারাও কিস্তিসুবিধায় পণ্যটি কিনতে উৎসাহিত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, এখন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করে মাসে মাসে কিস্তি শোধ করা যায়, যাকে ‘ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট’ বা ইএমআই বলা হয়। এর মাধ্যমে ১ লাখ টাকার পণ্য ক্রয় করে ১২ মাসে টাকা শোধ করা যায়। তবে গ্রাহকের কার্ডে খরচের যে পরিমাণ সীমা থাকে, সেই পরিমাণ টাকার পণ্য কিনতে পারে। আবার নগদে কিনলে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও দিচ্ছে ব্র্যান্ডগুলো।

এসির বাজার থেকে প্রাপ্ত তথ্যমতে, ক্রেডিট কার্ড দিয়ে ওয়ালটন, এলজি বাটারফ্লাই, সিঙ্গার, গ্রি, জেনারেল, মিডিয়া, হায়ার, ওয়ার্লপুল, ট্রান্সটেক, স্যামসাং, যমুনা, ভিশন, মিনিস্টার, ডাইকিন, ট্রান্সটেকসহ বিভিন্ন ব্র্যান্ডের এসি কেনা যাচ্ছে। এ জন্য ১২ মাস পর্যন্ত কোনো সুদ গুনতে হচ্ছে না। পাশাপাশি ট্রান্সকম ইলেকট্রনিকসে এসি কিনতে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স দিচ্ছে বিশেষ ভোক্তা ঋণ। এর মাধ্যমে ২০ হাজার টাকার বেশি বেতনভোগী যে কেউ ঋণ নিয়ে এসি কিনতে পারবেন। এতে ৩ থেকে ১৮ মাসের কিস্তি পরিশোধের সুবিধা রয়েছে।

দেশের বাজারে পাওয়া প্রায় সব কটি ব্র্যান্ডের এসিতেই রয়েছে কিস্তির সুবিধা। ৬ থেকে ১২ মাসের কিস্তিতে পরিশোধ করা যাচ্ছে এসির দাম। কোনো কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে মিলছে ১৮ মাসের কিস্তির সুবিধাও। সময়মতো কিস্তি শোধ করলে বাড়তি টাকা বা সুদও দিতে হচ্ছে না। দেশের প্রায় সব কটি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহক এ সুবিধা পাচ্ছেন।

বেসরকারি খাতের ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট, সাউথইস্ট, ঢাকা, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইস্টার্ন, লংকাবাংলা, এসআইবিএল, আল-আরাফাহ ইসলামী, প্রিমিয়ার, প্রাইম, কমার্স ব্যাংক অব সিলন, এবি, ওয়ান, ট্রাস্ট, এনআরবি, মিডল্যান্ড, এনসিসি, যমুনা, ডাচ্‌-বাংলা, শাহজালাল ইসলামী, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকেরা পাচ্ছেন এ সুবিধা।