
এক পাশ থেকে একটি কুকুর ঘাড় কামড়ে ধরে তো অন্য পাশ থেকে আরেকটি লেজ কামড়ে ধরে। আর চারপাশ থেকে ঘিরে ঘেউ ঘেউ করতে থাকে আরও ‘কয়েকজন’। দিশেহারা মেছো বাঘটি কী করবে, কিছুতেই বুঝতে পারছিল না। অবশেষে কয়েকজন যুবকের সহায়তায় কুকুরের কবল থেকে আপাতত ‘মুক্তি’ মেলে বাঘটির।
এ ঘটনা গতকাল শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের। পরে বাঘটিকে রাজশাহী বন বিভাগের কাছে তুলে দেওয়া হয়।
রাধাকান্তপুর গ্রামের যুবক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, রাতে কুকুরের ডাক শুনে রাধাকান্তপুর গ্রামে টুটুল নামে এক যুবক জেগে ওঠেন। তিনি তাঁর ভাই ফারুক হোসেনকে ডেকে তোলেন। পরে দুই ভাই মিলে বাঘটিকে কুকুরের কবল থেকে উদ্ধার করেন। পরে বাঘটিকে বন বিভাগের কাছে তুলে দেওয়া হয়।
রাজশাহী বন বিভাগের বন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বাঘটির উচ্চতা প্রায় দেড় ফিট। লম্বায় প্রায় আড়াই ফিট। তিনি বলেন, ধরার সময় বাঘটি কিছুটা আহত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে বাঘটিকে ছেড়ে দেওয়া হবে।