কুমিল্লার এক মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিন পেলেন

খালেদা জিয়া
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসুলেট) ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। এর ফলে এ মামলায় খালেদা জিয়ার জামিন স্থায়ী হয়েছে বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।

ওই মামলায় ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। ওই মামলায় জামিন চেয়ে একই বছরের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়। এর ওপর শুনানি নিয়ে ২০১৯ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল দিয়ে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন খালেদা জিয়াকে।

জামিনের বিষয়টি জানিয়ে আজ মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়। ন্যায়বিচার পেলে সব মামলায় তিনি খালাস পেতেন। ওই মামলায় এর আগে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। জামিন দিলে খালেদা জিয়া যে তার অপব্যবহার করেন না—এই মামলাই তার প্রমাণ। এ মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ এই মামলায় তাঁর জামিন স্থায়ী হয়েছে। মোট ৩৭টি মামলার মধ্যে দুদকের করা যে দুটি মামলায় তাঁর সাজা হয়েছে, সে দুটি মামলা ছাড়া বাকি ৩৫টি মামলায় খালেদা জিয়া জামিনে আছেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হলে আটজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত ও ২৭ জন আহত হন। এ ঘটনায় পরদিন ৩ ফেব্রুয়ারি ৫৬ জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি করে পুলিশ।