কুমিল্লায় রকি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুমিল্লায় কিশোর রকি হত্যা মামলায় ইসমাইল নামের একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক এ আর মাসউদ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, আসামি ইসমাইল হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে এ দণ্ডে দণ্ডিত করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালের ১৯ জুন শহরের উজিরদীঘিতে রকি বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় ইসমাইল হোসেন তার সহপাঠী সুজনের কাছ থেকে ধারালো ছুরি নিয়ে রকির বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে রকি মাটিতে লুটিয়ে পড়ে।