পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার ভোরে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ আছেন। এ সময় ওই ট্রলারে থাকা অপর ১২ জেলেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়া চার জেলে হলেন কলাপাড়া উপজেলার আলীপুর এলাকার কামাল হোসেন (২৮) এবং কক্সবাজার এলাকার নুর বশার (৩৫), আবদুল্লাহ্ (৪৫) ও আলাউদ্দিন (৩৫)। কুয়াকাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল জানান, স্থানীয় লোকজন নিখোঁজ জেলেদের উদ্ধার করতে ট্রলার নিয়ে সাগরে গেছেন। পুলিশের পক্ষ থেকেও তাঁদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।