কুষ্টিয়ার সেই বিএনপি নেতার প্রার্থিতা বাতিল

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে ইচ্ছুক কুষ্টিয়ার সেই বিএনপির নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি ও টেলিফোনের বিল বকেয়া থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন গতকাল বৃহস্পতিবারের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে যাচাই-বাছাই সভা হয়। সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতকাল কুষ্টিয়া-১ ও ২ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবলু মোল্লা কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরের দিন উপজেলা বিএনপি তাঁকে বহিষ্কার করে।