কুষ্টিয়ায় প্রতিবেশীর হামলায় একজন নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা কলাবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর হামলায় মজিবর রহমান (৪৮) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন ও আনছার আলী নামে দুজন আহত হয়েছেন। পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে কলাবাড়িয়া গ্রামের মেছের আলী গরু নিয়ে মজিবরের বাড়ির আঙিনা দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেছেরের পক্ষের এগিয়ে আসা আনছার আলীকে মজিবর কুপিয়ে জখম করেন। এ সময় আনছারকে রক্ষা করতে প্রতিবেশী আলাউদ্দিন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।এরপর আনছার ও আলাউদ্দিনের লোকজন ক্ষিপ্ত হয়ে মজিবরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেন। মজিবরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।