লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, দইখাওয়া সীমান্তের ৯০৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের কাছে খেতে কাজ করছিলেন ওই এলাকার কৃষক শওকত আলী (৪৮)। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার বড় মরিচাবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ঢুকে তাঁকে ধরে নিয়ে যান। এ ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। দইখাওয়া ৩১-বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার রহুল আমিন পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ বিষয়টি উচ্চপর্যায়ে জানিয়েছে। লালমনিরহাট ৩১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, শওকত আলীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।