জমি নিয়ে বিরোধের জের ধরে একটি সংঘর্ষে গত রোববার রংপুরের বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ স্কুলপাড়া গ্রামে আবদুস সামাদ (৩০) নামের এক কৃষক নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২০ শতক বিরোধপূর্ণ আবাদি জমিতে ধান রোপণ নিয়ে গত রোববার নিহত আবদুস সামাদের সঙ্গে তাঁর চাচাতো ভাই আবদুল মজিদ, আকমল হোসেন ও আমিনুল হকের সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করেন। আহত ব্যক্তিদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।