
কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) বাংলাদেশে আঞ্চলিক অফিস চালু করেছে। রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে এই আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও কানাডার কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা বিষয়ে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি গবেষণাকেন্দ্রটি জলবায়ু পরিবর্তনসহ কৃষি খাতের নানান প্রতিবন্ধকতা মোকাবিলায় উন্নত জ্ঞান ও দক্ষতা অর্জনে বাংলাদেশের কৃষি গবেষকদের সাহায্য করবে।
আজ রোববার বিএআরসিতে এ অফিসের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বহুমুখী ও মানসম্পন্ন কৃষি-খাদ্য উৎপাদনে কানাডার সাস্কাচুয়ান অঞ্চলের সুনাম বিশ্বজুড়ে। ঢাকায় এ অফিস চালুর ফলে কৃষি খাতে তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। একই সঙ্গে বাংলাদেশ ও কানাডার মধ্যে কৃষি খাতে সহযোগিতা আরও জোরদার হবে।
এ সময় কানাডার সাস্কাচুয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, আঞ্চলিক অফিস স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যচাহিদা পূরণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জিআইএফএস-কানাডা এবং বিএআরসির মধ্যে একটি চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার ও জিআইএফএসের চিফ অপারেটিং অফিসার স্টিফেন ভিশার। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান, জিআইএফএসে স্থাপিত বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার অ্যান্ড্রু শার্প, সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) বালজিৎ সিং এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার বক্তব্য রাখেন।
গত বছর ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির মধ্যে কৃষির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়। এতে বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক অফিস স্থাপন এবং ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ স্থাপনের বিষয় উল্লেখিত ছিল।
সমঝোতা স্মারক অনুযায়ী ইতিধ্যে জিআইএফএস-কানাডায় বঙ্গবন্ধু চেয়ার স্থাপন বিষয়ে চেয়ার নিয়োগসহ সব বিষয় সম্পন্ন হয়েছে। ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক অফিস আজ চালু হয়েছে। এ ছাড়া কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং জিআইএফএস-কানাডার যৌথ অর্থায়নে জীবপ্রযুক্তি বিষয়ে একটি প্রকল্প কেজিএফ বোর্ড ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপন’ বিষয়ে অপর একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে জিআইএফএস-কানাডা কারিগরি সহায়তা দেবে।