নেত্রকোনার কেন্দুয়ায় অজ্ঞাতনামা এক যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে থানার পুলিশ উপজেলার স্বল্পটেঙ্গুরী গ্রামের একটি ধানখেত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে বিষের দুটি খালি বোতলও উদ্ধার করা হয়। খবর পেয়ে নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে প্রাথমিকভাকে এটিকে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।