
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহ করায় পটুয়াখালীতে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পটুয়াখালী শহরের রশিদ কিশলয় বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত এএসআই মাহবুবুর রহমান পটুয়াখালী সদর সার্কেলের কার্যালয়ে কর্মরত ছিলেন।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে না থাকা সত্ত্বেও পুলিশের পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে এক প্রার্থীকে উত্তর সরবরাহ করছিলেন। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি নিষেধাজ্ঞা মানেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।