দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ আবাসিক এলাকা থেকে ‘গ্লোবাল হেভি কেমিক্যাল লি.’ নামের রাসায়নিক কারখানাটি অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।গতকাল শুক্রবার দুপুরে কামুচানশাহ মাজার প্রাঙ্গণ থেকে কয়েক শ বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। এরপর সেখানেই তারা পথসভা করে। এতে বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সদস্য-সচিব লাইজুল ইসলাম, ইউপি সদস্য মো. সেলিম ও ওসমান গনি। বিক্ষোভ ও পথসভার পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।