কোম্পানীগঞ্জে দোকানে ঢুকে ছাত্রলীগ নেতার ওপর হামলা

হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা জায়দল হককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক ওরফে কচির (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার বসুরহাট বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা দোকানে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জায়দল হক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী। ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম ওরফে রাহাত বলেন, দুপুরের দিকে জায়দল হক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান জাহান ট্রেডার্সে বসে ছিলেন। এ সময় কাদের মির্জার অনুসারী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মানিক তালুকদার, ফখরুল ও পৌরসভার ৮ নম্বর ওয়র্ডের শিপনের নেতৃত্বে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে জায়দল হককে মারধর করা হয়েছে। এতে জায়দল হক মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।

এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কাদের মির্জার ঘনিষ্ঠজন স্বপন মাহমুদ বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। জায়দল ও ফখরুলের পূর্ববিরোধের জের। এ সময় শিপন নামের তাঁদের একজন দুই পক্ষকে থামাতে গিয়ে আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, কাদের মির্জার দুই অনুসারী প্রথমে জায়দলের দোকানে গিয়ে হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। তবে গুরুতর আহত জায়দলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।