রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় একটি ক্লাবের দখল নিয়ে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আড়ানী বাজারের পাশে অবস্থিত ‘বারি-শফি সঞ্চৃতি সংসদ’-এর দখল নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লাবে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান নিপনের সঙ্গে ছাত্রলীগের আড়ানী ডিগ্রি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামানের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কামরুজ্জামান, তাঁর পক্ষের শাহাদাত হোসেন ও শফিকুল ইসলামকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।