আওয়ামী লীগে ‘কাউয়া’ (কাক) ঢুকেছে বলে আবারও মন্তব্য করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বুধবার সিলেটে দলটির প্রতিনিধি সভায় ‘সংগঠনে কাউয়া ঢুকেছে’ বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর লালবাগের আজাদ মাঠে গতকাল শনিবার গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘সব খাঁটি মানুষ, খাঁটি কর্মী। ভেতরে-ভেতরে কাউয়া (কাক) আছে? কাউয়া, কাউয়া। একাত্তরেও ছিল কাউয়া। কাউয়ারা এখনো আছে। ক্ষমতার সঙ্গে কাউয়া ঢুকে যায়। আর কিছু কিছু নেতা দল ভারী করার জন্য কাউয়াদের লিস্টের মধ্যে নাম ঢুকিয়ে দেয়।’ এ সময় সমাবেশে হাস্যরসের সৃষ্টি হয়।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন তোফায়েল আহমেদ, মোজাফফর হোসেন, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, কামরুল ইসলাম প্রমুখ।