
জাতীয় শিক্ষানীতিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের মাতৃভাষায় শিক্ষাদানের কথা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূলনীতির প্রতিফলন নেই। ভিন্ন জাতিগোষ্ঠীকে গ্রহণের মানসিকতা এদেশে কম।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন–সংস্কৃতি নিয়ে ‘প্রান্তরেখার প্রাকৃতজন’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন উপস্থিত আলোচকেরা। আজ বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। কড়া, গঞ্জু, গারো, সাঁওতাল, হুদি, বানাই, মাহালী, মুন্ডা, কোচ, বর্মন, মাহাতো, মালো, ডালু, পাত্র, ওঁরাও, খাসি ও হাজং—এই ১৭টি জাতিগোষ্ঠীর সচিত্র বর্ণনা রয়েছে বইটিতে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলার সিদ্ধান্ত হয়েছে। এসব গোষ্ঠীর সদস্যরা নিজেদের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয় নিয়ে সন্তুষ্ট বলে মনে হয় না। বাঙালি পরিচয় হিসেবে দেশে জাত্যাভিমান রয়েছে। কিন্তু এ পরিচয়ের চেয়েও বড় হচ্ছে, বিষয়টি রাষ্ট্র কোন দৃষ্টিভঙ্গিতে দেখে। রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না আনতে পারলে জাত্যাভিমান যাবে না।’
রাশেদ খান মেনন বলেন, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয়নি। এভাবেই তাঁরা ক্রমাগত বিলীন হয়ে যাবেন, বৈচিত্র৵ বিলীন হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে তাদের বৈচিত্র৵ থাকবে কি না, এটা ভাবনার বিষয়।
সমতলের জাতিগোষ্ঠীর সদস্যদের উচ্ছেদ ঠেকাতে ভূমি কমিশন খুবই জরুরি বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ লড়াই করে কিছু অধিকার অর্জন করতে পেরেছে। কিন্তু সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘবদ্ধ উদ্যোগ অতীতে যেমনটা ছিল, তা এখন নেই। নিজের জাতির পাশাপাশি সব জাতির ঐতিহ্য রক্ষা করতে হবে সম্মিলিতভাবে।’
অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশীদ বলেন, ‘বাংলাদেশ একটি বহুজাতিক রাষ্ট্র। কিন্তু আমাদের বর্ণবাদী মনোভাব আছে। নিজেদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে পারিনি। নিজেদের জন্য নিরাপদ করা সম্ভব হয়নি, অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও সম্ভব হয়নি। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূলনীতি, তার প্রতিফলন এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় নেই। তাদের জন্য মাতৃভাষায় উপন্যাস ও নাটক রচনার সুযোগ ও চর্চার জায়গা রাখা হয়নি।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে সচেতনতা কম। সামাজিক সম্প্রীতির কথা বলাই হয় না। ভিন্নতা গ্রহণের মানসিকতা আমাদের কম। যারা দেশের সংস্কৃতির মধ্যে বৈচিত্র৵ আনে, সমৃদ্ধ করে, তাদের বৈচিত্র৵ রক্ষা করার দায়িত্ব নিতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশ একটি বহুসংস্কৃতির, বহুধর্মের বৈচিত্র৵ময় দেশ, এটা বলতে এদেশের মানুষ খুব গর্ব বোধ করে। কিন্তু তাঁরা যাতে ভাষা, সংস্কৃতি, রীতি, রেওয়াজ, চলাফেরা—এসব ঐতিহ্য রক্ষা করতে পারে, সে জন্য কোনো পদক্ষেপ নেই।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বাঙালি তরুণদের মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে ভালো ধারণা তুলে ধরতে হবে। তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘আদিবাসীদের সঙ্গে জাতি শব্দটি ব্যবহার করা দরকার। এক্ষেত্রে কুণ্ঠা ঝেড়ে ফেলা দরকার। জাতি জাতিই। এখানে তাঁদের সংখ্যায় কিছু আসে–যায় না। জাতি পরিচয়, যা রাষ্ট্র অস্বীকার করে, তা তুলে ধরা দরকার। যেমন চাকমা জাতি, গারো জাতি ইত্যাদি।’ তিনি বলেন, এদেশে বৈচিত্রে৵র স্বীকৃতি না দেওয়াই সমস্যা। সমানাধিকার প্রতিষ্ঠায় সবার আগে দরকার সাংবিধানিক স্বীকৃতি।