খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে দুষ্কৃতকারীরা গত সোমবার রাত ১২টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ একটি হিন্দু পরিবারের বসতঘর ও একটি দোকানঘর পুড়িয়ে দিয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ইউনিয়নের কাচারিবাড়ী বাজারে আওয়ামী লীগের কার্যালয় ও পাশে লক্ষ্মী রানী সরকারের চায়ের দোকান ও বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
এ সময় লক্ষ্মী রানীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে ওই কার্যালয়, বসতঘর ও দোকানঘরটি ছাই হয়ে যায়।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) সুবীর দত্ত বলেন, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে আগুন লাগানোর কারণ এখনো পরিষ্কার হয়নি।