খালেদার জামিন বহাল থাকবে কি না, জানা যাবে রোববার

খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত জানা যাবে আগামী রোববার।

ওই মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন মওদুদ আহমেদ, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ৬ আগস্ট কুমিল্লায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়া ছয় মাসের জামিন পান। খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যুর হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলায় হয়। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, অপরটি হত্যা মামলা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।