বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।দলীয় সূত্র জানায়, ২৯ অক্টোবর খালেদা জিয়ার ভারত সফর সামনে রেখেই তাঁর সঙ্গে পঙ্কজ সরনের এ সাক্ষাৎ হয়।খালেদার গুলশানের কার্যালয়ে রাত সাড়ে আটটা থেকে প্রায় এক ঘণ্টার এই সাক্ষাতের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, আসন্ন সফরে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন।