জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, আজ এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে। মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।