পল্টন থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তাকাজে নিয়োজিত (সিএসএফ) সদস্য কর্নেল (অব.) আবদুল মজিদের দুই সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তাঁর পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা ও সগীর হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত সূত্র জানায়, সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।