খুলনায় বিভাগীয় বৃক্ষমেলা শুরু

‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে’ প্রতিপাদ্য সামনে রেখে খুলনা জাতিসংঘ শিশুপার্কে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৫। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় স্টল রয়েছে ৪২টি। দেশি-বিদেশি ফুল, ফল, ক্যাকটাস, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা-কলম বিক্রি ও প্রদর্শনীর জন্য মেলায় আনা হয়েছে।
প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে।