খুলনা মহানগরের সদর থানার বড় মির্জাপুর সড়কের ইউসুফ রো এলাকা থেকে গত রোববার গভীর রাতে নগর পুলিশ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসায়ী শাহজাহানের কথিত স্ত্রী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে শাহজাহান পলাতক রয়েছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার গভীর রাতে নগরের বড় মির্জাপুরের ৩ নম্বর ইউসুফ রোর শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সিঁড়ির নিচের দুটি কক্ষ ও দোতলার আরও কয়েকটি কক্ষ থেকে ৬৪০ বোতল দেশি-বিদেশি মদ, এক হাজার ৬০৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘরের তালাবদ্ধ কক্ষ থেকে একটি একনলা বন্দুক ও ছয়টি বন্দুকের গুলি ও নগদ ৯০ হাজার ৭৫২ টাকা, একটি বৌদ্ধমূর্তি, একটি স্বর্ণের ও একটি পাথরের সাদা আংটি, নয়টি মুঠোফোন, আটটি ৫০০ টাকার জাল নোট পুলিশ উদ্ধার করে।