গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ইসরাত জাহান (৬) নামের এক শিশু খেলার সময় গলায় ফাঁস লেগে মৃত্যুবরণ করেছে। সে দত্তপাড়া এলাকার সৌদি-প্রবাসী মো. ইব্রাহীমের মেয়ে। শিশুটি স্থানীয় নিউ ব্লোন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয় লোকজন ও হাসপাতাল থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ইসরাত তাদের বাসার একটি ঘরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে খেলা করছিল। এ সময় তার মা নামাজ আদায় করছিলেন। শিশুটির অপর দুই ভাই-বোন অন্য ঘরে ছিল। একপর্যায়ে শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরে আশপাশের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।