কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে ওয়াসিমুল নামের এক তরুণকে (১৯) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। গতকাল শুক্রবার সকালে ওয়াসিমুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সমশপুর ইউনিয়নের ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় একই এলাকার ওয়াসিমুল মাঠের মধ্যে তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে ওয়াসিমুল পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানালে তাঁরা খোকসা থানা পুলিশকে খবর দেন। পরে ইউএনও দাউদ মিয়া সাক্ষ্য গ্রহণ শেষে ওয়াসিমুলকে এক বছরের কারাদণ্ড দেন।