বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে তাঁর লক্ষ্য।
গত সোমবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি, দেশকে রক্ষা করব। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনব।’ বর্ষবরণের অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন। পরে চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় গীতি নাট্য পালকি মঞ্চস্থ করা হয়।