বিশেষ বক্তৃতায় অধ্যাপক ওয়ান্টা

গণমাধ্যমের জায়গা নিচ্ছে নিউ মিডিয়া

সময়ের বিবর্তনে ‘গতানুগতিক’ গণমাধ্যমের ওপর মানুষের নির্ভরতা কমছে। সে জায়গা নিয়ে নিচ্ছে ‘নিউ মিডিয়া’ ও অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ওয়েইন ওয়ান্টা গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতায় এসব কথা বলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর সি মজুমদার মিলনায়তনে ‘সংবাদমাধ্যমের পরিবর্তনের ফলাফল’ শীর্ষক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ওয়ান্টা বলেন, ‘এজেন্ডা নির্ধারণের জন্য মানুষ এখন আর গণমাধ্যমের ওপর তেমন নির্ভরশীল নয়। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা নিজেরাই এজেন্ডা ঠিক করে নিতে পারছে। নিজেদের মত প্রকাশ করতে পারছে।’ তিনি যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের উদাহরণ টেনে বলেন, দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী ফেসবুকের মাধ্যমে নিজস্ব অনুসারী তৈরি করেছিলেন। এ ক্ষেত্রে নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্যগুলো প্রচারে তাঁরা যতটা না গণমাধ্যমের সহায়তা নিয়েছেন, তার চেয়ে বেশি সহায়তা নিয়েছেন নিজস্ব ফেসবুক পেজের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।