বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিকদার উজির আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বুধবার ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান বিজয়ীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শিকদার উজির আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত মো. জাকির হোসেন।সীমানাসংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের ৩১ মার্চ ও ৫ মে দুই দফায় ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়। ২৩ অক্টোবর নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পর স্থানীয় প্রশাসন বুধবার ওই ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করে।