একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে আগামী ১২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন।
ছয় আসামির মধ্যে রঞ্জু মিয়া ছাড়া বাকিরা পলাতক। ওই পাঁচজন হলেন আবদুল জব্বার, মো. জাফিজার রহমান, আবদুল ওয়াহেদ, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
গত ২৯ মে এই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের বিরুদ্ধে তদন্তে সুনির্দিষ্ট চারটি অভিযোগে তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পাওয়া গেছে।
প্রথম অভিযোগ: মুক্তিযুদ্ধের সময় জুন মাসের প্রথম দিকে আজগর হোসেন খানের নেতৃত্বে ৮-১০ জন রাজাকার এবং ১৫-২০ জন পাকিস্তানি সেনা গাইবান্ধা জেলা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। তারা অম্বিকাচরণ সরকার, দ্বিজেন চন্দ্র সরকার ও আবদুল মজিদ প্রধানকে নির্যাতন করে। আসামিরা ফুল কুমারী রানী ও তাঁর জা সাধনা রানী সরকারকে আটক করে নির্যাতন করে। তাঁরা মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দিলে কপালের সিঁদুর মুছে এবং হাতের শাঁখা ভেঙে দিয়ে ছেড়ে দেয়।
দ্বিতীয় অভিযোগ: গাইবান্ধা জেলার সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে আবু বক্কর, তারা আকন্দ, আনছার আলী, নছিম উদ্দিন আকন্দসহ মোট নয়জনকে গুলি করে হত্যা করে এবং ৪০-৫০টি বাড়ির মালামাল লুণ্ঠন করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
তৃতীয় অভিযোগ: একই ইউনিয়নের দৌলতপুর গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে লাল মিয়া ব্যাপারী, আবদুল বাকী, খলিলার রহমানসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেন আসামিরা।
চতুর্থ অভিযোগ: একই ইউনিয়নের নান্দিনা, মিরপুর, সাহারবাজার, কাশদহ, বিসিক শিল্পনগরী, ভবানীপুর এবং চকগায়েশপুর গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মুক্তিযোদ্ধা ওমর ফারুক, ইসলাম উদ্দিন, নবীর হোসেনসহ মোট সাতজনকে গুলি করে হত্যা করা হয়।