মৌলভীবাজার জেলা পরিষদ কমপ্লেক্সের গাছ রক্ষার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার পরিবেশ আন্দোলনের ব্যানারে জেলা পরিষদের প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সই করেছেন। স্মারকলিপিতে বলা হয়, জেলা পরিষদ কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন পুরোনো গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার সৌন্দর্যবর্ধন করছে। অথচ জেলা পরিষদ গাছগুলো কাটার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।