ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা বন্ধ না করলে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল রোববার দুপুরে ডিআরইউ চত্বরে গাজায় হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী।
মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নিয়ে গাজায় বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইন্দো-মার্কিনের ষড়যন্ত্রের অংশ হিসেবে ফিলিস্তিনের একটি অংশ দখল করে ইসরায়েল ৬৮ বছর ধরেই মানবাধিকার লঙ্ঘন করছে। এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐকবদ্ধ হতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুরসালিন নোমানী, শেখ মোহাম্মদ জামাল হোসাইন, রাজু আহমেদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
নিন্দা ও প্রতিবাদ: গাজায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় লীগ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান আ ক ম শহীদুল্লাহ পাটোয়ারী। এ ছাড়া ডেমোক্রেটিক পিপলস পার্টির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান বিবৃতি দিয়ে বিমান হামলা ও নৃশংস হত্যার নিন্দা জানিয়েছেন।