গাজীপুরে মাদক ব্যবসার অভিযোগে দুজনের কারাদণ্ড

গাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার মাদক ব্যবসার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মো. ফজলুর রহমান (৭৫) ও আরিফ হোসেন (২২)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার ছোটদেওড়া এলাকায় গতকাল দুপুরে র‌্যাব-১ ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে ফজলুর রহমান ও তাঁর ভাড়াটে আরিফকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফজলুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।