গাজীপুর সদর উপজেলার জোলারপাড় এলাকায় একটি ধানখেত থেকে গতকাল বুধবার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সদর উপজেলার জোলারপাড়ায় ধানখেতে গতকাল বুধবার সকালে এলাকাবাসী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও সবুজ জ্যাকেট। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদ বলেন, লাশের পাশ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপরাধীদের ধরার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।