গাজীপুরে সোয়েটার কারখানায় হামলা চেয়ারম্যান আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার মুলাইদ এলাকার মনিকা ফ্যাশন অ্যান্ড সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কারখানার চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (৫০) আহত হয়েছেন। তাঁকে মাওনা চৌরাস্তায় এ কে মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধশতাধিক লোক ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে মিছিল নিয়ে প্রথমে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে কারখানার ভেতরে ঢুকে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় মোফাজ্জল হোসেন আহত হন।
মোফাজ্জলের ভাতিজা আরিফ হোসেন অভিযোগ করেন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সফিক মোড়লের নেতৃত্বে একদল লোক এ ঘটনা ঘটিয়েছে।
শ্রীপুর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুর্বৃত্তরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।