গাবতলীতে ৬৯ লাখ টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার

বগুড়ার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত শনিবার রাতে গাবতলী উপজেলার ফকিরপাড়ার একটি বাড়ি থেকে প্রায় ৬৯ লাখ টাকার নকল ও জাল জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করেছে। এ সময় ওই বাড়ির মালিক রেজাউল করিমের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।রেজাউল করিম দীর্ঘদিন ধরে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করছেন। ১ ফেব্রুয়ারি বগুড়া সদর থানার পুলিশ ওকালতনামা জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। শনিবার তাঁর বাড়িতেই অভিযান চালিয়ে জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার ও তাঁর স্ত্রী রুবী বেগমকে গ্রেপ্তার করা হয়।জেলা ডিবির পরিদর্শক মিজানুর রহমান জানান, সেখান থেকে উদ্ধার করা হয় ১০, ২০, ৫০, ১০০, ২৫০ ও ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল ও জাল জুডিশিয়াল এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প। গ্রেপ্তার হওয়া নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।