বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গুসি শান্তি পুরস্কার ২০১৪ গ্রহণ করার জন্য আজ রোববার ম্যানিলার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ‘গরিব মানুষের অর্থনীতিবিদ’ হিসেবে মাসের শুরুর দিকে তাঁকে এ সম্মানজনক পদকে ভূষিত করা হয়। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ, অস্ট্রিয়া, চীন, কঙ্গো, জার্মানি, ভারত, ইরান, ইতালি, জাপান, লিথুনিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ফিলিপাইনস, পোল্যান্ড এবং সৌদি আরবের মোট ১৫ জন ব্যক্তিত্ব এ বছর গুসি শান্তি পুরস্কার পাচ্ছেন।
শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলার ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল’-এর পক্ষ থেকে দেওয়া হয়। ২০০২ সালে গুসি পিস ফাউন্ডেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা যোদ্ধা, পরবর্তী সময়ে রাজনৈতিক এবং মানবতার জন্য সংগ্রামী নেতা জেভিয়ার গুসির নামে এ পদকের প্রবর্তন করে। ২৬ নভেম্বর ফিলিপিন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তরা এ পদক নেবেন।
ফিলিপাইন সফরকালে গভর্নর আতিউর রহমান সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ম্যানিলায় অবস্থিত এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ে বক্তব্য দেবেন। নভেম্বরের ২৮ তারিখে গভর্নর দেশে ফিরবেন। বিজ্ঞপ্তি।