ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে মতি মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মতি মিয়া পৌর শহরের পূর্ব দাপুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী, এলাকার অনেক ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক একটার দিকে পূর্ব দাপুনিয়া গ্রামের ময়মনসিংহ-ভৈরব রেললাইনের ওপর বসে ছিলেন মতি৷ এ সময় গৌরীপুর স্টেশন থেকে ভৈরবের দিকে ছেড়ে যাওয়া ২৪২ নম্বর লোকাল ট্রেনটি তাঁকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই তিনি মারা যান৷
এলাকার অনেকে আরও জানান, মতি সম্ভবত রেললাইনে বসা থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন৷ এ কারণে তিনি দুর্ঘটনার শিকার হন৷
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, ঘটনাস্থল রেলওয়ের কিশোরগঞ্জ থানার অধীন৷ তাই কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ লাশ নিয়ে গেছে।