
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। স্কুলছাত্র আশেকুর রহমান ওরফে সাম্য হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের শহীদ মিনার চত্বর থেকে দুপুর ১২টার দিকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাশে সাম্য মঞ্চ চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান চৌধুরী, সাম্যের বাবা পৌর মেয়র আতাউর রহমান, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল মতিন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।
সাম্যের বাবা আতাউর রহমান বলেন, ‘বিচারের দাবিতে আমরা সাম্য মঞ্চ গঠন করেছি। মঞ্চের উদ্যোগে আন্দোলন অব্যাহত আছে। কিন্তু হত্যাকাণ্ডের এক মাস পার হলেও পুলিশ মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করতে পারেনি।’
এ ছাড়া বক্তারা পলাতক আসামিদের সহায়তা দেওয়ার অভিযোগ এনে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আকতারকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর পৌর মেয়র আতাউর রহমানের একমাত্র ছেলে আশিকুরকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। সে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।