রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তিন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার পর গতকাল বুধবার থেকে তিন দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মঙ্গলবার ও গতকাল উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে দেওয়ান পাড়া কোল, বিহারী মারা কোল, মরা পদ্মার কোল ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ইউএনও ছরোয়ার হোসেন দেওয়ান পাড়া কোল, বিহারী মারা কোল ও মরা পদ্মার কোল থেকে তিন দিনের জন্য সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেন।