গোয়ালন্দে মারা যাওয়া যৌনকর্মীর করোনা 'নেগেটিভ'

রাজবাড়ীর গোয়ালন্দে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যৌনকর্মীর (৫৫) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সহযোগিতায় করোনার নিয়ম অনুসরণ করে তার দাফন সম্পন্ন হয়। তবে আগের মতো তার ভাগ্যে জানাজা জোটেনি। জানাজায় কেবল পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, কয়েক দিন আগে বয়স্ক ওই যৌনকর্মী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে যৌনপল্লি থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করা হয়। ফোন পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল তার নমুনা সংগ্রহ করেন। বিকেল তিনটার দিকে অবস্থা বেশি খারাপ হলে পল্লির ২-৩ জন নারী তাকে নিয়ে হাসপাতালে আসার কিছুক্ষণ পরই তিনি মারা যান। রোববার রাতে প্রতিবেদনটি হাতে পাওয়ার পর দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত হননি।