সুনামগঞ্জ সদর উপজেলার সরদারপুর গ্রামে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চার ভাই দগ্ধ হয়েছেন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে ওই গ্রামের আবদুল আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সিলিন্ডারের সমস্যা দেখা দেওয়ায় ওই পরিবারের সদস্য আবদুর রশিদ সকাল ১১টার দিকে সেটি ঠিক করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আবদুর রশিদ (৩৮), তাঁর অন্য তিন ভাই আবদুল আলীম (৪৫), হারুন মিয়া (৩০) ও আবদুল ওয়াহিদ (২৮) দগ্ধ হন।
ওই গ্রামের বাসিন্দা মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল মিয়া ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।