বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অধীনে ৬৩ হাজার ২৫৩ নতুন গ্রাহক আবাসিক গ্যাস-সংযোগের অপেক্ষায় রয়েছেন। নতুন করে গ্যাস-সংযোগ পাওয়ার আশায় প্রতিদিনই কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাপুর প্রধান কার্যালয়ে ভিড় করছেন আবেদনকারীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ মে আবাসিক গ্যাস-সংযোগ বন্ধের আদেশ প্রত্যাহার করে নেন। গতকাল বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নতুন গ্রাহকদের ভিড় দেখা গেছে।
বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন) মো. এহসানুল হক পাটওয়ারী বলেন, ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ৭ মে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার পর থেকে প্রতিদিন আবেদনকারীর সংখ্যা বেড়েই চলছে। বাখরাবাদে ২০১০ সালের জুলাই মাস পর্যন্ত ৫০ হাজার ২১৪ জন গ্রাহকের আবেদন জমা ছিল। চলতি বছরের ৭ মের পর থেকে জুলাই মাস পর্যন্ত ২৩ হাজার ৫২৬ জন সংযোগের জন্য নতুন করে আবেদন করেন। সব মিলিয়ে ৭৩ হাজার ৭৪০ জন গ্রাহক গ্যাস-সংযোগের জন্য এ পর্যন্ত আবেদন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৪৮৭ জনকে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।
বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সফিকুর রহমান বলেন, ‘বর্তমানে আমরা বর্ধিত চুলায় সংযোগ দিচ্ছি। ক্রমানুসারে নতুন গ্যাস-সংযোগ দেওয়া হবে। কোনোভাবেই ক্রম অমান্য করা হবে না। পর্যায়ক্রমে গ্রাহকেরা নতুন গ্যাস-সংযোগ পাবেন। এ জন্য নতুন করে ২৬ হাজার রাইজারের জন্য দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। এরই মধ্যে ১৪ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। শিগগিরই নতুন সংযোগ দেওয়া শুরু হবে।