চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ২৩ লাখ ভারতীয় রুপিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মফিজুলের ছেলে মুখলেসুর রহমান (২৭) ও ফিরোজ আলীর ছেলে জসিম (১৮)। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ জসিম ও মুখলেসুরের বাড়ির পাশের আমবাগানে অভিযান চালিয়ে বস্তায় ভরা ওই ভারতীয় রুপি উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ