
সংবাদমাধ্যমে পাঠকদের যুক্ত করা, প্রচারণায় সৃজনশীলতা আর উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলে প্রথম আলোর ছাপা পত্রিকা ও ডিজিটালের দুটি উদ্যোগ নিয়ে এল আন্তর্জাতিক স্বীকৃতি। সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো ‘শীর্ষ পুরস্কার’ পেল বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম। বৃহস্পতিবার রাতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। গত বছর ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’-তে কোনো বাংলাদেশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো সম্মানজনক স্বীকৃতি পায় প্রথম আলো। এ বছর সর্বোচ্চ ৪৬টি দেশের ২৫২টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৮৫৪টি উদ্যোগ আবেদন করে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য। ১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে ইনমা। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সহযোগী গুগল নিউজ ইনিশিয়েটিভ।
করোনা মহামারিতে আমাদের চারপাশের অন্য অনেক কিছুর মতোই কিছুটা হোঁচট খেয়েছিল সংবাদপত্রশিল্প। বিশ্বব্যাপী সংবাদপত্রগুলোর নানামুখী উদ্যোগ আর পাঠকদের আগ্রহে আবার ঘুরে দাঁড়াচ্ছে সবচেয়ে আস্থার এই মাধ্যম। মহামারির এই ভিন্ন সময়জুড়ে প্রথম আলোতে ছিল নানামুখী সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ। প্রথম আলো কাজ করছে পাঠক ও বিজ্ঞাপনদাতাদের কাছে নিজেকে প্রাসঙ্গিক রাখতে। তথ্য উপস্থাপন ও বিজ্ঞাপনের নতুনত্বের অভিনব এমন এক উদ্যোগের ঘরোয়া নাম ‘প্রিন্ট নেভার ব্রেকস’। এই উদ্যোগটি ন্যাশনাল ব্র্যান্ড বিভাগে বেস্ট ইউজ অব প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান পায়। এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়ার গ্লোরিয়া গ্ল্যাম এবং আয়ারল্যান্ডের আইরিশ এক্সামিনার। এ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে আরব আমিরাতের আরব নিউজ, যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরস্টার।
প্রিন্ট নেভার ব্রেকসের নানান উদ্যোগের মধ্যে তিনটি বিশেষ উদ্যোগ আলাদা করে দেখানো হয়েছে। এক. বছরজুড়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে বিশেষ আয়োজন করে প্রথম আলো। এর মধ্যে ক্রোড়পত্র থেকে শুরু করে থাকে বিশেষ ফিচার, প্রতিবেদন, আলোচনা কিংবা অনলাইনকে যুক্ত করে ভিডিওর মতো উদ্যোগ। বিষয়ভিত্তিক এই তথ্য উপস্থাপনায় ব্র্যান্ডগুলো তাদের অধিকতর প্রাসঙ্গিকতা খুঁজে পায়। এ ধরনের আয়োজনে পাঠকপ্রিয়তার পাশাপাশি সংবাদপত্রের নতুন আয়ের পথ তৈরি হয়। বিশেষ করে ২০২১ সালজুড়ে প্রথম আলোতে ছিল এমন নানান উদ্ভাবনী উদ্যোগ। দুই. একই সময়ে প্রথম আলো আলাদা করে বাড়তি নজর দেয় আঞ্চলিক সংবাদ ও অন্যান্য কনটেন্টে। ছাপা পত্রিকার এই স্থানীয়করণ নতুন পাঠক তৈরির পাশাপাশি আঞ্চলিক ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে সাশ্রয়ে নিজের টার্গেট গ্রুপ ও অঞ্চলে বিজ্ঞাপন প্রচারের সুযোগ করে দেয়। প্রথম আলোর জন্য এ থেকে নতুন ধরনের আয়ের সুযোগ তৈরি হয়। তিন. এ ছাড়া বছরজুড়ে ছিল ভিন্নধর্মী আয়োজন। ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে আরও গভীরভাবে কাজ করার নতুন ধরনের এই ‘ভ্যালু ড্রিভেন’ কাজের সংস্কৃতিতে আসে ইতিবাচক পরিবর্তন। এমন নানান উদ্যোগে প্রথম আলোর নতুন পথচলাকে স্বীকৃতি দিল ইনমা।
ঘরে বসে নিজের স্বপ্নের আবাস খোঁজা নিয়ে গত নভেম্বর মাসে প্রথম আলো ডিজিটাল আয়োজন করে অনলাইন আবাসন মেলার। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার শিরোনাম ছিল ‘ঘরে বসেই ঘর খুঁজুন’। সাত দিনব্যাপী এই অনলাইন মেলায় অংশ নেয় ৪২টি আবাসন প্রতিষ্ঠান। এবারের মেলায় প্রদর্শন করা হয় ৫ হাজার ২৫ ফ্ল্যাট, ২ লাখ ৫ হাজার কাঠা জমি ও ৭ লাখ ৫০ হাজার বর্গফুট বাণিজ্যিক জায়গা। এই অনলাইন আবাসন মেলায় পাঠক ও গ্রাহকেরা ব্যাপক সাড়া দেন। অনলাইন মেলা থেকে প্রকল্প পছন্দ করে সাড়ে তিন হাজারের বেশি গ্রাহক আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্দিষ্ট ফ্ল্যাট বা প্লটের জন্য যোগোযোগ করেন। অভিনব এই ডিজিটাল মেলার কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিবিএল সিরামিকস। আর সহযোগিতা করেছে আসবাবের ব্র্যান্ড হাতিল।
গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসে বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথম আলো ডিজিটালের ঘরে বসেই ঘর খুঁজুন প্রকল্পটি। এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় ক্রোয়েশিয়ার হানজা মিডিয়া এবং তৃতীয় পুরস্কার পায় ভারতের হিন্দুস্তান টাইমস। এই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় ভারতের দ্য হিন্দু, বেনেট কোলম্যান অ্যান্ড কো. লিমিটেড (টাইমস অব ইন্ডিয়া) এবং জাগরণ প্রকাশন।
অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির যাত্রা শুরু হওয়ার প্রথম বছরেই এল গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের স্বীকৃতি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশি কনটেন্টের প্ল্যাটফর্ম চরকি এখন বিশ্বের ১৫৪টির বেশি দেশ থেকে দেখা হয়। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি পিছিয়ে পড়া বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে নতুন শুরু করা একটি ওটিটির দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়ার এই পথচলায় ‘ফ্রম মেকিং লোকাল টু গোয়িং গ্লোবাল’ শিরোনামের এই উদ্যোগে এল স্বীকৃতি। এই ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে নরওয়ের দুই প্রতিষ্ঠান ড্যাগেনস ও ভিডি। তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট।
এবারের পুরস্কার সম্পর্কে ইনমার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসন বলেন, ‘আমরা ব্র্যান্ড, প্ল্যাটফর্ম, সাবস্ক্রিপশন, প্রোডাক্ট, ডেটা কিংবা নিউজরুমে সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার আর উদ্ভাবনী চিন্তাগুলোকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। পাঠকদের অধিকতর যুক্ত করতে ও নতুন ধরনের সাবস্ক্রিপশন ও নতুন পাঠক তৈরিতে নানান উদ্যোগ ও যোগাযোগ কৌশলগুলোই এবারের গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসে প্রাধান্য পেয়েছে।’
এবার ৪৬টি দেশ থেকে আসা ৮৫৪টি প্রকল্প থেকে বিচারকেরা ৩৩২টিকে প্রাথমিক মনোনয়ন দেন। এগুলোর বিচারকাজ করেন ২৪টি দেশের ৫০ জন বিচারক। মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সংবাদমাধ্যমগুলোর উদ্ভাবনী ও বেস্ট প্র্যাকটিস, মিডিয়া প্ল্যাটফর্মের সর্বোৎকৃষ্ট ব্যবহার, সাবস্ক্রিপশন, ব্যবসায় উন্নয়ন এবং ডেটা ও ইনসাইটস বিবেচনায় সেরা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। ইনমার আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়া—এই ছয় অঞ্চলের নির্বাচিত আঞ্চলিক সেরা উদ্যোগগুলোকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করা হয়।
সংবাদমাধ্যমের আন্তর্জাতিক আরেক সংগঠন ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রথম আলো। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো একটি সোনা ও একটি ব্রোঞ্জপদক পায়।