ঘন কুয়াশা, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটকে সঙ্গী করে রাজধানীবাসীর ঘুম ভেঙেছে গতকাল শনিবার। দুপুরে এক চিলতে রোদের দেখা মিললেও তা ঠান্ডার দাপট কমাতে পারেনি। দু-তিন দিন ধরে এমন আবহাওয়াই ছিল সারা দেশে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এমন শীত আরও দু-এক দিন থাকবে।
তবে রাজধানীতে কোনো শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। শৈত্যপ্রবাহ ছিল ঈশ্বরদী, রাজশাহী ও শ্রীমঙ্গলে। সেখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে গতকাল ছিল, আজও থাকবে। দেশের অন্যত্র তাপমাত্রা গতকালের মতোই থাকবে। রাত ও দিনের তাপমাত্রা একই থাকতে পারে।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তাকে মৃদু বলছে আবহাওয়া অধিদপ্তর। মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ এখনো শুরু হয়নি। জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।